চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গাছ সাবাড়, পরিবেশের নোটিশের জবাব না দিলেই মামলা
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকার পাহাড় ও গাছ কাটার বিষয়ে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আগামী ৯ মার্চ পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে জড়িতদের। নির্দিষ্ট সময়ে কারণ না দর্শালেই মামলায় যাবে পরিবেশ।নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।বুধবার (২৬ ফেব্রুয়ারি) পাহাড় ও গাছ কাটার সঙ্গে জড়িত দুই গাছ ব্যবসায়ী মো.হানিফ ও মো. বজলকে কারণ দর্শানোর এই নোটিশ দেন পরিবেশ অধিদপ্তর। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি (এস্টেট) শাখা ও নিরাপত্তা দপ্তরকে নোটিশ দেওয়া হয়।নোটিশে বলা হয়, ক্যাম্পাসে পরিবেশ অধিদপ্তরের কোন অনুমতি ছাড়াই পাহাড় ও টিলা কাটা হচ্ছে। জড়িতদের ৯ মার্চ সকালে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে। নির্দিষ্ট সময়ে কারণ দর্শাতে ব্যর্থ হলেই অনুমোদন ছাড়া পাহাড় কাটা আইনে মামলা দায়ের করা হবে। এ মামলায় অনধিক ১০ বছর কারাদণ্ড বা দশ লাখ টাকা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
প্রসঙ্গত, সরকারি অনুমতি ছাড়া পাহাড় কাটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।


0 coment rios: