Saturday, 21 September 2019

শেখ হাসিনার আ্যকশন সারাদেশে চলবে, সাবধান হয়ে যান: কাদের


দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন সারাদেশে চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি ওই তিন পেশার সঙ্গে যারা জড়িত তাদেরকে সাবধান হওয়ার পরামর্শ দেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এ কথা জানান।
রোহিঙ্গা সংকট নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মিয়ানমারকে বিভিন্ন অজুহাত দিয়ে উস্কে দিচ্ছে বিএনপি। যাতে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত না নেয়। আমরা ১১ লাখ রোহিঙ্গার বোঝা আর নিতে পারছি না। এ দেশের বিরোধীরা নির্বাচনে ও আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা।’
আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন, ‘আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার জন্য দলের মধ্যে থাকা আগাছা ও পরগাছা পরিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। চারদিকে যেহেতু ষড়যন্ত্রের গন্ধ আছে, তাই এদের পরিষ্কার করার এখনি সময়। যেকোনো দুঃসময়ে আওয়ামী লীগের পাশে থাকতে হবে।’
রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওদের বিষয়ে তিনি বলেন, ‘কিছু কিছু এনজিও রোহিঙ্গাদের বিএনপির মতো উস্কে দিচ্ছে। কোনো এনজিও যদি মানবিক সেবার আড়ালে সরকার বিরোধী কাজ করে তাদের আমাদের দরকার নেয়। প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের মর্যাদা রক্ষার্থে দলের যেকোনো নেতাকর্মীদেরকে তার অপরাধের জন্য শাস্তি দেব। এটাই আমাদের সিদ্ধান্ত। এ লক্ষ্য নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার হাত শক্তিশালী করতে সকল মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন করবে শিগগিরই।’
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, উপ-দফতর সম্পাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম, সাবেক সাংসদ আব্দুর রহমান বদিসহ শীর্ষ নেতারা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: