Wednesday, 14 August 2019

চট্টগ্রামে মনসা পূজা উপলক্ষে জমে উঠেছে পাঠা ছাগলের বাজার


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-



 হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে জমে উঠেছে পাঠা ছাগলের বাজার। আগামী রবিবার (১৮ আগস্ট) মনসা পূজা অনুষ্ঠিত হবে। এ পূজায় পাঠা ছাগল বলি দেওয়া হয়।
বুধবার  (১৪ আগস্ট)  দোহাজারী পৌরসভার রেলওয়ে মাঠ সংলগ্ন পাঠা ছাগলের হাটে  দেখা যায় ক্রেতা বিক্রেতার দর কষাকষি। হাটে স্থানীয়দের পালিত ছাগলের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে ছাগল ক্রয় করে এই হাটে বিক্রি করতে আসা বেপারিদেরও দেখা গেছে।
ছোট, মাঝারি ও বড় সাইজের ছাগল ১০/১৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকানো হচ্ছে।
মনসা পূজার বাকি আর মাত্র চার দিন। তাই দর কষাকষির পাশাপাশি বেচা-কেনাও ভালোই হচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে পাঠা ক্রয় করতে দেখা গেছে অনেককে।
কয়েকজন ক্রেতার সাথে আলাপকালে তারা জানান, প্রতি বছরের তুলনায় এবছর পাঠার দাম নাগালের মধ্যেই আছে। নিজের ছোট্ট ছেলেকে নিয়ে পাঠা কিনতে বাজারে আসা দিপু বিশ্বাস নামে এক ক্রেতা জানান, ২৫ হাজার টাকায় নিজের পছন্দের পাঠা ছাগলটি ক্রয় করেছি। বাজারে পাঠা ছাগলের দাম ক্রেতাদের নাগালের মধ্যে আছে বলেও জানালেন তিনি।
পূর্ব দোহাজারী ময়নার বাপের পাহাড় এলাকা থেকে পাঠা বিক্রি করতে আসা সেকান্তর আলী জানান, ছাগলের ভুষি সহ খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়ায় পাঠা ছাগল লালনপালনে এবছর খরচ একটু বেশি হয়েছে। তারপরেও সন্তোষজনক দাম পেলে পাঠাটি বিক্রি করে দেবো।
আলমগীর নামে একজন বিক্রেতা বলেন, বিভিন্ন এলাকা থেকে পাঠা ছাগল ক্রয় করে দোহাজারী, কালির হাট, খোদারহাট, তেয়ারীহাট, দরবেশহাট সহ বিভিন্ন হাটে বিক্রি করি। তবে দোহাজারী বাজারে ক্রেতা সমাগম বেশি, বিক্রিও বেশি হচ্ছে তাই অল্প লাভেই পাঠা বিক্রি করে দিচ্ছি।
বাজার ইজারাদার সদস্য গিয়াস উদ্দিন জিকু, দেলোয়ার হোসেন ও মনসুর জানান, বাজারে ক্রেতা-বিক্রেতাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিক্রেতাদের নিকট থেকে হাসিলও নেয়া হচ্ছে সহনীয়। আগামী শনিবার শেষ বাজার আরো জমজমাট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: