জাতীয় ডেস্ক।
রোহিঙ্গা সংকট নিরসনের উপায় খুঁজতে ও তাদের নিজ দেশ মিয়ানমারে ফেরানোর বিষয়ে বোঝাতে সর্বদলীয় সংসদীয় কমিটি হচ্ছে।
এ কমিটি শুধু দেশের ভেতরেই নয়, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারকে চাপ দেওয়ার কথা বিদেশে গিয়েও তুলে ধরবে অনানুষ্ঠানিক কূটনীতির (ট্র্যাক টু ডিপ্লোমেসি) মাধ্যমে।
আর্ন্তজাতিক চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে দুই দফা বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের নাটকের কথাও বিদেশে তুলে ধরবে তারা।
রোহিঙ্গাদের নিয়ে সরকারবিরোধী পক্ষের অপরাজনীতি ঠেকাতেও মাঠে থাকবে কমিটি। তাদের দেশে ফেরাতে নতুন যেসব কৌশলের পরিকল্পনা ও রূপরেখা প্রণয়ন করছে সরকার, সেগুলোর বাস্তবায়নে সরকারের সহযোগী হিসেবে কাজ করবে কমিটি। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যা নিয়ে কথা বলতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের নির্দেশে সংশ্লিষ্ট দেশে ও জাতিসংঘ সফর করে সরেজমিন প্রতিবেদন তৈরি করে তা জাতীয় সংসদেও উপস্থাপন করা হবে কমিটির পক্ষ থেকে।
নীতিনির্ধারক পর্যায়ের সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদে যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব আছে, সেসব দলকে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে সংসদীয় কমিটি গঠনের পরিকল্পনা করা হচ্ছে। এতে বিরোধী দল জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের নেতৃত্বের মহাজোট ও ১৪ দলীয় জোটের শরিকরাও থাকবে।


0 coment rios: