Showing posts with label রাজধানী. Show all posts
Showing posts with label রাজধানী. Show all posts

Saturday, 4 April 2020

১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন

১১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন


ঢাকা- করোনা পরিস্থিতি মোকাবিলায় ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। ফলে ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ থাকছে।
তবে, জরুরি সার্ভিসের জন্য পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জ্বালানি, পচনশীল দ্রব্য, ত্রাণবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, পণ্যবাহী যানবাহনে কোনো ধরনের যাত্রী পরিবহন করা যাবে না।
করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটির মধ্যে এর আগে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সারাদেশে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রভাব বাড়তে থাকায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়েছে সরকার। এছাড়া শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে আগামী ৯ এপ্রিল পর্যন্ত।

Saturday, 28 March 2020

কাউন্সিলরের বাধায় আকিজের করোনা হাসপাতালের কাজ বন্ধ

কাউন্সিলরের বাধায় আকিজের করোনা হাসপাতালের কাজ বন্ধ


ঢাকা উত্তর সিটির ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সফিউল্লাহ শফি ও তার লোকজনের বাধায় করোনা রোগীদের জন্য তেজগাঁওয়ে নির্মাণাধীন হাসপাতালের কাজ বন্ধ করেছে আকিজ কর্তৃপক্ষ। শনিবার (২৮ মার্চ) আকিজের কর্মরত একজন কর্মী (নাম প্রকাশে অনিচ্ছুক) সময় সংবাদকে এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, কাউন্সিলর সফিউল্লাহ শফি ও শ’দুয়েক লোক এসে কিছুক্ষণ অবস্থান নেয় ও প্রতিবাদ জানায়। এ ঘটনার পর হাসপাতাল নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়।
এসময় তিনি বলেন, ‘আমি মনে করি, এটা যেহেতু মহল্লা। তাই এখানে করোনারভাইরাসে আক্রান্তদের হাসপাতাল হওয়া ঠিক হবে না। আমি এটার পক্ষে না।’
উল্লেখ্য, রাজধানীর তেজগাঁওয়ে অস্থায়ী এ হাসপাতালটি তৈরি করছে দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন। তিনি নিজ উদ্যোগে তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে করোনা চিকিৎসার জন্য একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করছেন।জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে। বশির উদ্দিনকে এ কাজে সহায়তা দিচ্ছেন দুজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক।

Friday, 27 March 2020

সাঈদীকে মুক্তি দিতে বিশেষ অনুরোধ দেশের শীর্ষ উলামাদের

সাঈদীকে মুক্তি দিতে বিশেষ অনুরোধ দেশের শীর্ষ উলামাদের


ঢাকা: আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবিক, ধর্মীয় ও বয়স বিবেচনায় মুক্তি দিতে সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এক যৌথ বিবৃতিতে তারা আহ্বান জানান।
শীর্ষ উলামাগণ তাদের বিবৃতিতে বলেন, বর্ষীয়ান আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী নানান জটিল ও কঠিন রোগ নিয়ে দীর্ঘদিন ধরে কারাভোগ করছেন। যেকোন সময়ে তার এই মরণঘাতি করোনায় আক্রান্ত হওয়ার আশংকা করছি আমরা। দেশ জাতির এ কঠিন মুহূর্তে তার প্রতি সদয় হওয়া সময়ের দাবী। তাই আমরা রাষ্ট্র প্রধান ও সরকার প্রধানের কাছে আল্লামা সাঈদীর আশু মুক্তি দাবী করছি।
তারা আরো বলেন, ক্ষমতা কোনো দিন চিরস্থায়ী নয়। সামান্য একটি ভাইরাস দিয়ে আল্লাহ তায়ালা গোটা দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছেন। দুনিয়ার বড় শক্তিগুলোকে মানবিক হতে শিখিয়েছে। সেই আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমাদের ফরিয়াদ বর্ষীয়ান এ মুফাসসিরে কোরআনকে মুক্তির ব্যবস্থা করুন। আমাদের সরকার ও রাষ্ট্র বর্ষীয়ান এ মুফাসসিরের প্রতি সদয় হয়ে তাকে মুক্তি দিন। মহান আল্লাহ তার গজব ‘করোনা ভাইরাস’ থেকে দেশ, জাতি ও উম্মাহকে রক্ষা করুন।
এই বিবৃতিতে স্বাক্ষর করেন, বর্ষীয়ান আলেমে দ্বীন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর হাফেজ মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হজুর, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের আমীর মাওলানা আবু তাহের জিহাদী, সমমনা ইসলামী দলসমূহের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি মাওলানা মহিউদ্দীন রব্বানী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, হক্কানী পীর মাশায়েখ পরিষদের মহাসচিব শর্ষীনার ছোট পীর মাওঃ শাহ আরিফ বিল্লাহ সিদ্দীকি, মীরের সরাইর পীর সাহেব মাওঃ আঃ মোমেন নাছেরী,টেকের হাটের পীর সাহেব মাওঃ কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি ফয়জুল হক জালালাবাদী, মুফতি মাওলনা আবদুর রহমান চৌধুরী, নেজামে ইসলামীর মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা আজিজুর রহমান আজিজ, মাওঃ হাফেজ আবুল হোসাইন, মুফতি মাওঃ নাসির উদ্দীন খান, হক্কানী ত্বরীকত মিশনের আমির আধ্যাত্মিক গুরু শাইখ নুরুল হুদা ফয়েজী, হক্কানী ত্বরীকত মিশনের জেনারেল সেক্রেটারী আল্লামা মুস্তাক ফয়েজী, ইসলামী ঐক্য মঞ্চ সভাপতি মাওলানা ইদ্রিস।
এ ছাড়া ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ফয়জুল্লাহ আশরাফী, বেফাকের কেন্দ্রিয় উস্তাদ মুফতি বাহউদ্দীন, মুসলিম পরিষদের কেন্দ্রীয় সভাপতি শায়েখ মাওলানা রহমান আজিজ হবিগঞ্জী, খতিব পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা সালেহ, মুফাসসির পরিষদের কেন্দ্রিয় নেতা মাওলানা জাকির হোসাইন, হক্কানী পীর মাশায়েখ পরিষদের সহ সভাপতি মাওলানা আবুল কাশেম, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আবুল কাসেম কাসেমী,গণসভা আন্দোলনের মহাসচিব মাওলানা বনী ইয়ামিন, কাসেমী পরিষদের আমীর শায়খ আবু বকর কাসেমী প্রমুখ।
করোনা চিকিৎসায় ঢাকায় হচ্ছে চীনের মতো হাসপাতাল

করোনা চিকিৎসায় ঢাকায় হচ্ছে চীনের মতো হাসপাতাল


প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহান শহরে জরুরি ভিত্তিতে নির্মিত লেইশেনশান হাসপাতালের মতো দেশেও এমন হাসপাতাল তৈরি হচ্ছে। তবে এটি সরকারি নয়, ব্যক্তি উদ্যোগে করা হচ্ছে।
রাজধানীর তেজগাঁয়ে অস্থায়ী এ হাসপাতালটি তৈরি করছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন। তিনি নিজ উদ্যোগে তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে করোনা চিকিৎসার জন্য একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করছেন।
জানা গেছে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে। বশির উদ্দিনকে এ কাজে সহায়তা দিচ্ছেন দুজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক।
শুক্রবার (২৭ মার্চ) এ বিষয়ে জানতে চাইলে শেখ বশির উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘হাসপাতাল নির্মাণে কাজ করছি। খুবই ব্যস্ত সময় পার করছি। দেশের এ ক্রান্তিকালে কথা বলার চেয়ে কাজ করা বেশি উত্তম। তাই আগে কাজটা শেষ করতে চাই। সবার সহযোগিতা চাই।’
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত হয়েছে। এ ভাইরাসে দেশে প্রাণ গেছে ৫ জনের। আর বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে সাড়ে ৫ লাখ মানুষ।
করোনা আক্রান্তে শীর্ষে ঢাকা, সংখ্যায় এগিয়ে পুরুষ

করোনা আক্রান্তে শীর্ষে ঢাকা, সংখ্যায় এগিয়ে পুরুষ


দেশে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৩ জন। এদের মধ্যে মারা গেছেন তিনজন। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন। তবে এখন পর্যন্ত রাজধানী ঢাকায় সর্বোচ্চ ১৫ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) বিকালে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
আক্রান্ত ৩৩ জনের মধ্যে মাত্র ১৩ জনের বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে। ২০ জনই প্রবাসফেরতদের সংস্পর্শে এসে সংক্রমিত হয়। প্রবাসফেরত ১৩ জনের মধ্যে ইতালি থেকে ছয়জন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুজন, ইউরোপের অন্যান্য দেশ থেকে দুজন এবং বাহরাইন, ভারত ও কুয়েত থেকে একজন করে এসেছেন।
ফ্লোরা জানান, আক্রান্ত ৩৩ জন রোগীর মধ্যে দুই-তৃতীয়াংশই পুরুষ ও এক-তৃতীয়াংশ নারী। তাদের মধ্যে সর্বোচ্চ ১৮ জনের বয়স ২১ থেকে ৪০ বছর। এছাড়া ১০ বছরের কম বয়সী দুজন, ১০ থেকে ২০ বছর বয়সী একজন, ২১ থেকে ৩০ বছর বয়সী ৯ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৯ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী পাঁচজন, ৫১ থেকে ৬০ বছর বয়সী একজন ও ৬০ বছরের ঊর্ধ্বে ছয়জন রয়েছেন।
বর্তমানে আইসোলেশন রয়েছেন ৫১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪৬ জন। করোনা ভাইরাসে আক্রান্ত ৩৩ জনের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ১৫ জন আক্রান্ত হন। দ্বিতীয় সর্বোচ্চ মাদারীপুরে ১০ জন, নারায়ণগঞ্জে তিনজন, গাইবান্ধায় দুজন, কুমিল্লায় একজন, গাজীপুর ও চুয়াডাঙ্গায় একজন করে আক্রান্ত রোগী পাওয়া গেছে।