জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের লক্ষে পদক্ষেপ নেওয়া হবে -পরিকল্পনা মন্ত্রী
সুনামগঞ্জ প্রতিনিধি:
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, আওয়ামীলীগ সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সরকার শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও শহরের জনগন যে সুযোগ-সুবিধে পায় গ্রামের সাধারণ জনগনও সে সুযোগ সুবিধে পাওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।
তিনি আরো বলেন, মুহিবুর রহমান মানিক একজন উন্নয়ন বান্ধব সাংসদ। তার বিকল্প অদূর ভবিষ্যতেও ছাতক-দোয়ারায় তৈরি হবে কিনা সন্দেহ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যেকোনো উন্নয়নের প্রস্তাব করলে তিনি ফিরিয়ে দেন না। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পরিশ্রম করতে হবে।
শনিবার বিকেলে সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন আটগ্রম উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে মন্ত্রী এমএ মান্নান ও স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক’র সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে হাইস্কুলের জাতীয়করণ, যোযোগ ক্ষেত্রে কাচা-পাকা সড়ক নির্মাণ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন এবং ৫টি ইউনিয়ন নিয়ে প্রস্তাবিত স্বতন্ত্র জাউয়া বাজার উপজেলা বাস্তবায়নের লক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
আটগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল-মামুন শাহীনের সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এমএ রশিদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সাংসদ মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির, অধ্যক্ষ আব্দুল গাফ্ফার, জাউয়া বাজার উপজেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস মিয়া, জাউয়া ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, ইউপি চেয়ারম্যান বিলাল আহমদ, ইউপি চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, আক্তার হোসেন, গয়াছ আহমদ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কদর মিয়া, আলহাজ্ব নুরুল ইসলাম, আখলুছ মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।
স্থানীয় আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের পক্ষ থেকে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও: আমির আলী। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্টিত হয়।


0 coment rios: