টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ২রোহিঙ্গা মাদককারবারি নিহত
নিজস্ব ডেস্ক।টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোরে উপজেলার হোয়াইক্যং এলাকার উলুবনিয়া সংলগ্ন নাফনদীর তীরে এ ঘটনা ঘটে। বিজিবির দাবি, দুজনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। অভিযানের সময় তিনটি দেশীয় অস্ত্র (এলজি), দুটি কিরিচ ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন-উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের মৃত সৈয়দ হোসেনের ছেলে মো. সাকের (২২) ও টেকনাফের মুচনী রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আলীর ছেলে নুরুল আলম (৩০)। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার। বিজিবি’র এই কর্মকর্তা জানান, গোপন তথ্য পাওয়া যায় টেকনাফের হোয়াইক্যং এলাকার উলুবনিয়া সংলগ্ন নাফনদীর এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসছে। এই খবরে ভোরে বিজিবি সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারিরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে পাচারকারিরা পিছু হটলে নাফনদীর তীর থেকে ওই দুই রোহিঙ্গাকে গুলিবিদ্ধ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের চিকিৎসক দুই জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদরে রেফার করেন। কক্সবাজারে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, ‘বিজিবি হাসপাতালে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গাকে নিয়ে আসে। দুজনের শরীরে কয়েক জায়গায় গুলির চিহ্ন রয়েছে। আহত বিজিবি সদস্যকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’ শরীফুল ইসলাম জোমাদ্দার বলেন, নিহত দুই মাদক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


0 coment rios: