জার্নাল24 ডেস্ক:
খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদালতের ওপর সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
চলমান শুদ্ধি অভিযান তৃণমূলেও অব্যাহত থাকবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান যে শুদ্ধি অভিযান তা তৃণমূলেও অব্যাহত থাকবে। দুর্নীতি দমন কমিশন এ ব্যাপারে কাজ করছে।
তিনি বলেন, সারাদেশের দুর্নীতিবাজদের তালিকাও তারা করেছে। তালিকা ধরে ধরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
বেলা ১২টার পরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের উদ্বোধন হয়েছে।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।
জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী।


0 coment rios: